শিরোনাম

ঢাকা, ২২ জুন, ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফেডারেল রিপাবলিক অব সোমালিয়ার রাষ্ট্রদূত শেখ নুর মোহাম্মদ হাসান।
আজ উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমালিয়ার শিক্ষার্থীদের ভর্তি এবং তাদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত সোমালিয়ার শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
এছাড়া, সোমালিয়ায় শান্তি রক্ষা ও অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ সরকার এবং এ দেশের জনগণের ভূয়সী প্রশংসা করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সোমালিয়ার শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের বিষয়ে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।