বাসস
  ২২ জুন ২০২৬, ১৯:১৯

খুলনায় তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সভা

ছবি : বাসস

খুলনা, ২২ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ ব্যবহার আইন বাস্তবায়নে বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ তামাক বিরোধী জোটের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণের অংশ হিসেবে প্রথমেই নিজেদের আওতাধীন সকল দপ্তর ধূমপানমুক্ত করতে হবে। প্রতিটি দপ্তরের প্রবেশমুখে দৃশ্যমান স্থানে ‘নো স্মোকিং’ পোস্টার স্থাপন করতে হবে। 

তিনি বিআরটিএ-সহ সংশ্লিষ্ট দপ্তর সমূহকে শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসমাগম হয় এমন স্থানে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিতকরণ কর্মসূচি গ্রহণের নিদের্শনা দেন।

বিভাগীয় কমিশনার আরও বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য বিরোধী প্রচারে মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শিক্ষা-প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার একশ’ মিটারের মধ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য বিক্রয় দ-নীয় আপরাধ বলে তিনি উল্লেখ করেন।