শিরোনাম

মেহেরপুর, ২২ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এ ফল মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক সনজীব মৃধার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. কামরুল হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় ৫টি স্টলে আম্রপালি, বারি-৪, ফজলি, ম্যাংগো ব্যানানা, চ্যাংময়, কার্ডিমন সহ বিভিন্ন জাতের আম, আমড়া, লটকন, ত্বিনফল, ননীফল, জামরুল, বাতাবি লেবু, সীডলেস লেবু, গন্ধরাজ লেবু, সুইট লেমন, পেয়ারা, কাঁঠাল, শরিফা, ড্রাগন, পেঁপে, কলা, ডেউয়া, গাব, আঁশফল, সফেদা, চালতা, আঙ্গুর, করমচা, কমলা, মাল্টাসহ স্থানীয় বিভিন্ন রকমের ফল সাজানো রয়েছে।
ফল মেলা উদ্বোধন শেষে জেলা প্রশাসক শিল্পী রানী রায় শিক্ষার্থীদের মধ্যে আম, জাম, কাঁঠাল, তেঁতুল, পেয়ারার চারা বিতরণ করেন।