শিরোনাম

মেহেরপুর, ২২ জুন ২০২৬ (বাসস): জেলা জজকোর্ট প্রাঙ্গণে নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ আজ সকালে জেলা জজকোর্ট প্রাঙ্গণে বিচারপ্রার্থী মানুষের সুবিধার্থে নির্মিত এই ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক, জেলা প্রশাসক শিল্পী রানী রায়, জেলা ও দায়রা জজ মো. গোলাম কবির, পিপি নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুল আজম খোকন প্রমুখ।
বিচারপতি জাফর আহমেদ বলেন, ‘ন্যায়কুঞ্জ চালুর মাধ্যমে সাধারণ মানুষের সেবাপ্রাপ্তির সুযোগ আরও বৃদ্ধি পাবে। আমরা যে যেখান থেকে কাজ করছি, রাষ্ট্রের পক্ষে এবং জনগণের পক্ষে কাজ করছি। এই বিষয়টি মাথায় রেখে দায়িত্ব পালন করলে বিচারপ্রার্থী মানুষ অনুভব করবে যে রাষ্ট্র তাদের কথা ভাবে এবং তারা রাষ্ট্রের অংশীদার।’ তিনি বিচার বিভাগের সংশ্লিষ্টদের জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।
জেলা ও দায়রা জজ মো. গোলাম কবির বলেন, ন্যায়কুঞ্জ শুধু একটি স্থাপনা নয়, এটি বিচার বিভাগের একটি মানবিক প্রতীক। আদালতে আসা সাধারণ মানুষের অপেক্ষা, বিশ্রাম, পানাহার ও সামগ্রিক সুযোগ সুবিধার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ, পারিবারিক আপিল আদালতের বিচারক মো. কেরামত আলী, শিশুর প্রতি সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস.এম. মাসুদ জামান, মো. ওয়াহিদুজ্জামান, যুগ্ম জেলা ও দায়রা জজ নাজনীন রেহেনা ও মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমান ও মেঘা গুপ্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সিনিয়র সিভিল জজ (সদর) মো. মাসুদ রানা, পিপি নজরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যালের পিপি মুস্তাফিজুর রহমান তুহিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুল আজম খোকন, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. নাসিমসহ বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।