শিরোনাম

মেহেরপুর, ২২ জুন, ২০২৬, (বাসস): অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ফ্রিল্যান্সিং-ট্রেডে ১৫ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলাম।
প্রশিক্ষণে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আবু সাইদ, সমাজসেবা অফিসার (রেজি) কাজী আবুল মনসুর, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ, প্রশিক্ষক এস. এম. রাসেল প্রমুখ।
জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি দক্ষতা কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করছে। অনগ্রসর জনগোষ্ঠীর তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করে আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।