শিরোনাম

পটুয়াখালী, ২২ জুন ২০২৬ (বাসস): জেলার বাউফল উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ওসমান গনি (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সকাল ৬টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া নতুন ইউনিয়ন পরিষদ সংলগ্ন মৃধা বাড়ির পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওসমান গনি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামের জুয়েল হাওলাদারের পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রোববার (২১ জুন) ওসমানকে কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামে তার নানা আমির হোসেন মৃধার বাড়িতে রেখে শিশুটির বাবা-মা চিকিৎসার জন্য বরিশাল যান। দুপুরের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর আজ সকালে নানা বাড়ির পুকুরে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বাসসকে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।