বাসস
  ২২ জুন ২০২৬, ১৬:০৪

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে রাজশাহী জেলা পরিষদের চেক বিতরণ 

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আজ আর্থিক সহায়তার চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজশাহী, ২২ জুন, ২০২৬ (বাসস) : রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আজ আর্থিক সহায়তার চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় রাজশাহী জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী (ঈশা)।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী (ঈশা) বলেন, জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করা শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে তারা মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল মতিন এবং উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, প্রশাসনিক অফিসার মো. আব্দুল আলিম । 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক। 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এছাড়াও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে ৭৩ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ৪ লক্ষ ৩৮ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন অতিথিবৃন্দ।