বাসস
  ২১ জুন ২০২৬, ২০:১৬

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

সাতক্ষীরা, ২১ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও নেশা জাতীয় উইনকেরেক্স সিরাপ জব্দ করা হয়েছে। 

আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, হিজলদী, চান্দুড়িয়া ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা জোড়া তালগাছ নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার তালসারি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার পশ্চিম কাঁদপুর নামক স্থান হতে ভারতীয় নেশা জাতীয় উইনকেরেক্স সিরাপ জব্দ করে।

এছাড়া, বাঁকাল চেকপোষ্ট এর আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক তিনলাখ ৮৪ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।