শিরোনাম

রাঙ্গামাটি, ২১ জুন ২০২৬ (বাসস): জেলার বরকল উপজেলায় আজ অভিযানকালে অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার সকালে বিজিবি’র ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) সদস্যরা বরকল উপজেলার আমতলা বাজার ঘাট এলাকায় এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, বরকল উপজেলার আমতলা বাজার ঘাট নামক এলাকায় অভিযানকালে মালিকবিহীন অবৈধ ৩২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেন ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) সদস্যরা। জব্দকৃত এ কাঠের বাজার মূল্য আনুমানিক একলাখ ২৯ হাজার ৩৪৪ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ছোট হরিণা জোনের (১২ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে।