বাসস
  ২১ জুন ২০২৬, ২০:১০

বরিশাল উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

বরিশাল, ২১ জুন, ২০২৬ (বাসস) : জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

জেলা প্রশাসক বলেন, জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন হলে জেলার সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হয়। এসময় তিনি চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে নারীদের জন্য আলাদা বাথরুম ব্যবস্থা না থাকায় তারা ভোগান্তিতে পড়েন। নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আলাদা বাথরুমের সুব্যবস্থা রাখাতে হবে। 

বরিশালের হাম পরিস্থিতি তুলে ধরে সিভিল সার্জন ডা. এস.এম.মনজুর-এ-এলাহী বলেন, হামের টিকাদান কার্যক্রম ৯৯.৯৪ শতাংশ সম্পূর্ণ হয়েছে। হাম প্রতিরোধে টিকা বেশ কার্যকর ভূমিকা পালন করেছে ফলে শিশুরা আগের তুলনায় হামে কম আক্রান্ত হচ্ছে। 

বর্ষার মৌসুমে ডেঙ্গুর প্রোকোপ বাড়ে উল্লেখ করে তিনি আরও বলেন, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।