শিরোনাম

ঢাকা, ২১ জুন, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে কবি সুফিয়া কামাল এবং কবি ও গীতিকার আবু হেনা মোস্তফা কামালকে স্মরণ করে দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয়।
‘সুফিয়া কামাল : জীবন ও কর্ম’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের সেমিনার অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। কবি সুফিয়া কামাল বাঙালি জাতিসত্তার এক অবিচ্ছেদ্য অংশ। সমাজের নানা কুসংস্কার ও প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি নারীশিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মতো দূরদর্শী ব্যক্তিত্ব সে সময়ে নারীশিক্ষা বিস্তারে কাজ না করলে বাংলাদেশ এ ক্ষেত্রে আরও বহু বছর পিছিয়ে থাকত।
উপাচার্য আরও বলেন, সুফিয়া কামাল কেবল নিজে শিক্ষিত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি; বরং তিনি অন্যদের শিক্ষিত ও সচেতন করে তুলতে নিরলসভাবে কাজ করেছেন। নারীশিক্ষার পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নারীদের ন্যায্য অধিকার, সম্পদের অধিকার এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাহবুবুল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির গবেষক মাহবুবা রহমান।
প্রথম দিনে ‘সুফিয়া কামালের কবিতা : বিষয় ও অনুভবের বৈচিত্র্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাত আরা সোহেলী। এছাড়া ‘বিপন্ন প্রকৃতির বিষন্ন নারী : সুফিয়া কামালের কবিতায় পরিবেশ-নারীবাদী অনুষঙ্গ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক সানজীদা মাসুদ।
উপস্থাপিত প্রবন্ধ দুটির ওপর আলোচনা করেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক ড. গিয়াস শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আসাদুল্লাহিল গালিব।
সেমিনারে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে কবি ও গীতিকার আবু হেনা মোস্তফা কামালের জীবন, সাহিত্যকর্ম ও অবদান নিয়ে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হবে।