বাসস
  ২১ জুন ২০২৬, ১৯:৫১

গাজীপুরে ইয়াবাসহ ৫ মাদককারবারি গ্রেফতার

গাজীপুর, ২১ জুন, ২০২৬, (বাসস) : জেলার কালিয়াকৈর উপজেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে ২৬৭ পিস ইয়াবাসহ পাঁচজন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক এলাকার শাহিন আহমেদ (২৩) ও আজিবর রহমান (২৮), নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবুরআইল গ্রামের তানভীর আহমেদ (৩০), ফুলবাড়িয়া পূর্বপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৩) এবং বরিশালের হিজলা উপজেলার বাধুয়া গ্রামের মামুন (২৩)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
 
গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া বালুরমাঠ এলাকায় অভিযান চালায়। 

রাত সাড়ে ১০টার দিকে মাদক কেনাবেচার সময় হাতেনাতে ২৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, একই রাতে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় পরিচালিত পৃথক আরেকটি অভিযানে ১৭ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। দুটি অভিযান মিলিয়ে সর্বমোট ২৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম পিপিএম (বার) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আজ রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।