শিরোনাম

নেত্রকোণা, ২১ জুন, ২০২৬ (বাসস): ‘সবুজ হোক পৃথিবী, টিকে থাকুক প্রাণ প্রকৃতি’ এ প্রতিপাদ্যে জেলায় শতবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা এবং ফলজ ও ওষুধি চারা বিতরণ করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় জেলার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর মডেল গ্রামে এই পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।
রাজেন্দ্রপুর এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক (BARCIK) ও গ্রিন কোয়ালিশন কমিটির সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
বারসিক-এর ফিল্ড ফ্যাসিলেটেটর তহুরা আক্তার অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন।
বারসিক-এর ক্যাম্পেইন এন্ড নেটওয়ার্ক ফ্যাসিলেটেটর অনাবিলা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, পরিবেশকর্মী সোহরাব উদ্দিন আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি মো. তানভীর হায়াত খান।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ‘শতবাড়ী’ সংগঠক আব্দুল কাইয়ুম দুলাল, স্থানীয় কৃষক আবু হানিফ এবং কৃষাণী পারুল আক্তার।
প্রধান আলোচক প্রাণ, প্রকৃতি ও বাস্তুসংস্থান রক্ষায় বৃক্ষের অপরিসীম ভূমিকার কথা উল্লেখ করে বৃক্ষরোপণ কর্মসূচির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আমাদের চারপাশের এবং বাড়ির আঙিনায় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা সকল উদ্ভিদই উপকারী। স্থানীয় বাস্তুসংস্থান টিকিয়ে রাখতে হলে এই প্রাকৃতিক উদ্ভিদগুলোকে আমাদের রক্ষা করতে হবে।
বিশেষ অতিথি বর্তমান সরকারের কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। তিনি মানব সভ্যতার গোড়াপত্তন থেকে শুরু করে আজ পর্যন্ত কৃষিকাজ এবং এতে কৃষক ও কৃষাণীদের অপরিসীম ও অনবদ্য অবদানের কথা গুরুত্বের সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
সভাশেষে স্থানীয় শতবাড়ী কর্মসূচির আওতাভুক্ত পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।