বাসস
  ২১ জুন ২০২৬, ১৫:৪৭

রুয়েট পরিদর্শনে বিএইটিই ইভ্যালুয়েশন টিম 

ছবি: বাসস

রাজশাহী, ২১ জুন ২০২৬ (বাসস): রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছেন ‘বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন’ (বিএইটিই) ইভ্যালুয়েশন টিম।

তিন দিনব্যাপী পরিদর্শনের প্রথম দিন আজ রবিবার (২১ জুন) সকালে তারা রুয়েটে এসে পৌঁছান। এরপর সকাল ৯ টায় রুয়েটের প্রশাসন ভবনের সভা কক্ষে তারা উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সাথে সভায় অংশ নেন।

সভা শেষে পরিদর্শকরা রুয়েটের শিক্ষার মান, অবকাঠামো ও উচ্চশিক্ষা বিস্তারে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ও প্রয়োজনীয় সুযোগসুবিধা পর্যবেক্ষণের লক্ষ্যে বিভিন্ন বিভাগ পরিদর্শন করবেন। পরিদর্শনের শেষ দিন আগামী মঙ্গলবার (২২ জুন) উপাচার্যসহ বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রারের সাথে পুনরায় সভা শেষে তারা ফিরে যাবেন। 

বিএইটিই ইভ্যালুয়েশন টিম ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল শিক্ষার মানোন্নয়নে তদারকি ও পরামর্শ দেয়ার পাশাপাশি স্বীকৃতি প্রদান করে থাকে।

রুয়েট কর্তৃপক্ষ জানায়, এর আগে বিএইটিই ইভ্যালুয়েশন টিম রুয়েট পরিদর্শন করার পরই রুয়েটের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পুরকৌশল বিভাগ ৬ বছরের জন্য সম্মানজনক ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ অর্জন করে। বর্তমানে ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ অনুমোদনের অপেক্ষায় রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। 

জানা যায়, অ্যাক্রিডিটেশন প্রাপ্তির ফলে রুয়েটের সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষার মান আন্তর্জাতিক মানদণ্ডের স্বীকৃতি পায়। এর ফলে শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়তি গ্রহণযোগ্যতা পাবে। আন্তর্জাতিক স্কলারশিপ প্রাপ্তি সহজতর হবে। বহুজাতিক কোম্পানিগুলোতে চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে এবং ভবিষ্যতে ‘ওয়াশিংটন অ্যাকর্ড’-এর মতো আন্তর্জাতিক চুক্তির সুবিধা প্রাপ্তির পথ সুগম হবে।