বাসস
  ২১ জুন ২০২৬, ১৫:২৭

কুষ্টিয়ায় ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত

কুষ্টিয়া, ২১ জুন, ২০২৬ (বাসস) : জেলার বাইপাস এলাকায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। 

আজ রোববার সকাল ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায়। তবে নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বাসস’কে বলেন সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথর বোঝাই করে ট্রাকটি নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেন ট্রাকচালক আনিস। পথে কুষ্টিয়া বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের মাঠে উল্টে পড়ে। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়। হেলপার পাথরের নিচে চাপা পড়ায় দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। দু’জনের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।