শিরোনাম

হবিগঞ্জ, ২১ জুন ২০২৬ (বাসস): জেলার নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ৭টায় উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের জব্বার উল্লাহর পুত্র।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে জীবিকার তাগিদে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন সোহেল মিয়া। পরে আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় অটোরিকশা রেখে চা পান করার উদ্দেশ্যে মহাসড়কের অপর পাশে যাওয়ার উদ্দেশ্যে তিনি সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সিলেটগামী মাছবোঝাই একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি আটক করা হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।