বাসস
  ১৯ জুন ২০২৬, ২০:২৫

শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

আজ শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। ছবি : মন্ত্রণালয়

সিলেট, ১৯ জুন, ২০২৬ (বাসস) : শ্রীমঙ্গল সংলগ্ন এলাকার নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, পণ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে তিন দিনব্যাপী বর্ণিল ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে।

আজ শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। পর্যটন খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং এথনিক ট্যুরিজমের বিকাশের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

তিনি বলেন, নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ বিষয়ে কাজ করবে। বিদেশি পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির লক্ষ্যে সিলেট বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। সিলেটকে পর্যটনের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে সরকার বদ্ধপরিকর।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং পর্যটন খাতে কমিউনিটি ট্যুরিজম, এথনিক ট্যুরিজম ও ওয়াটার ট্যুরিজমের বিকাশকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর বিলুপ্তপ্রায় ও বৈচিত্র্যময় সংস্কৃতির পুনরুদ্ধার এবং টেকসই রূপদানের লক্ষ্যে ‘হারমোনি ফেস্টিভ্যাল’-এর আয়োজন করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম নাসের রহমান, মো. মুজিবুর রহমান চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পর্যটন শিল্পে পণ্য উন্নয়ন ও প্রচারের অংশ হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রতিবছর শ্রীমঙ্গলে নির্দিষ্ট দিনে এ আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে ট্যুর অপারেটররা ইনবাউন্ড প্যাকেজ প্রস্তুত ও বিপণন করতে সক্ষম হবেন।