বাসস
  ১৬ জুন ২০২৬, ২৩:২৯

দেশে শিক্ষার মানোন্নয়নে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে ‘কেমব্রিজ প্রিন্সিপালস মিট’ অনুষ্ঠিত

ছবি : বাসস

ঢাকা, ১৬ জুন, ২০২৬ (বাসস) : দেশে আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষাবিদদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘কেমব্রিজ প্রিন্সিপালস মিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর উত্তরাস্থ গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের ১৫০ জনের বেশি অধ্যক্ষ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষাবিদ অংশ নেন। অনুষ্ঠানে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ এবং দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অরুণ রাজামানি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানাস সিং বলেন, শিক্ষার্থীদের জন্য অর্থবহ শেখার পরিবেশ গড়ে তুলতে শিক্ষকদের পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। মতবিনিময়ের এই পরিবেশ দেশের শিক্ষাব্যবস্থাকে সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ করে তুলবে।

মূল অধিবেশনে দেশে কেমব্রিজ শিক্ষাধারার সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি, পূর্ণাঙ্গ কেমব্রিজ শিক্ষাধারা অনুসরণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদান এবং অনুমোদিত ও মৌলিক শিক্ষাসামগ্রী ব্যবহারে ভূমিকা রাখা স্কুলগুলোর প্রশংসা করা হয়।

এছাড়াও, বিভিন্ন অংশগ্রহণমূলক সেশনে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও অর্থবহ করতে আধুনিক পাঠদান পদ্ধতি ও কার্যকর শিক্ষণ কৌশল নিয়ে আলোচনা করা হয়। কেমব্রিজ ইংলিশ প্রোগ্রামের বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখানো হয়, কীভাবে এসব কর্মসূচি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বাড়াতে এবং বাস্তব জীবনে ভাষা ব্যবহারের সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করে।

অনুষ্ঠানে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্ব আরও উন্নত করার বিষয়েও প্রতিনিধিরা আলোচনা করেন। এ সময় শিক্ষকদের আত্মমূল্যায়ন ও পেশাগত উন্নয়নে ‘কেমব্রিজ প্রফেশনাল ডেভেলপমেন্ট কোয়ালিফিকেশনস’ (পিডিকিউ) কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষাক্রমের মানোন্নয়নে শিক্ষাবিদদের মধ্যে ধারাবাহিক অংশীদারিত্ব জোরদার করার আহ্বানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।