বাসস
  ১৫ জুন ২০২৬, ২১:৪৫

বার্মিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমে সাফল্য: ঢাবির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে ইউনেস্কোর আগ্রহ

ছবি : বাসস

ঢাকা, ১৫ জুন, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান নরিহিদে ফুরুকাওয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ উপাচার্যের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, অধ্যাপক ড. সাইদুর রহমান, ড. মো. মনির উদ্দিন, জান্নাতুন নাহার, ইউনেস্কোর কক্সবাজার সাব-অফিসের প্রধান জেমস রাসেল এবং কক্সবাজারের শিক্ষা বিষয়ক ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ধনা রঞ্জন ত্রিপুরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্মরত শিক্ষকদের জন্য পরিচালিত বার্মিজ ভাষা প্রশিক্ষণ প্রকল্পের সার্বিক অগ্রগতি, অর্জন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

জুলাই ২০২৪ থেকে জুন ২০২৬ পর্যন্ত বাস্তবায়িত এ প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা শিক্ষকদের বার্মিজ ভাষায় দক্ষতা বৃদ্ধি করে মিয়ানমার কারিকুলাম কার্যকরভাবে পাঠদানের সক্ষমতা উন্নয়ন। এর মাধ্যমে রোহিঙ্গা শিশুদের ভবিষ্যতে মিয়ানমারের মূলধারার শিক্ষা ব্যবস্থা ও সমাজে পুনঃ একীভূত হওয়ার প্রস্তুতি জোরদার করার পাশাপাশি বাস্তুচ্যুত জনগোষ্ঠীর শিক্ষাসহায়তা কার্যক্রমে কার্যকর মডেল তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়।

ইউনেস্কো বাংলাদেশের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) এ প্রকল্পের কারিগরি অংশীদার হিসেবে দায়িত্ব পালন করেছে। এছাড়া শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং কক্সবাজার শিক্ষা সেক্টর প্রকল্পটিকে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. সাইদুর রহমানের নেতৃত্বে গঠিত কারিগরি দল প্রকল্পের পাঠ্যক্রম উন্নয়ন, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) প্রণয়ন, প্রশিক্ষণের গুণগত মান তদারকি এবং আন্তর্জাতিক মানদ-ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ দলে অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম, ড. মো. মনির উদ্দিন এবং জান্নাতুন নাহার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রকল্পের আওতায় মোট ২,২২১ জন রোহিঙ্গা শিক্ষক সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর ফলে শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে ভাষা শিক্ষা এবং মিয়ানমার কারিকুলাম বাস্তবায়নের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সাক্ষাৎকালে ইউনেস্কো প্রতিনিধিরা প্রকল্পের সফল বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তারা বার্মিজ ভাষা শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অন্যান্য প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভবিষ্যতে আরও বিস্তৃত ও শক্তিশালী সহযোগিতা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ ধরনের মানবিক ও আন্তর্জাতিক উন্নয়নমূলক কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততাকে স্বাগত জানান এবং শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।