বাসস
  ১৪ জুন ২০২৬, ১৯:২২

চাকসুর উদ্যোগে ফ্রি লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা

ছবি : বাসস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৪ জুন, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে শিক্ষার্থীদের আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘ফ্রি লিগ্যাল এইড ক্যাম্প, আইনি সচেতনতামূলক কর্মশালা এবং প্যানেল ডিসকাশন’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে লিগ্যাল এইড ক্যাম্প এবং ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়।

চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্বে এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য (শিক্ষা) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, শিক্ষার্থীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে চাকসুর এ প্রয়াস সত্যিই প্রশংসনীয়। অনেক সময় সঠিক আইনি পরামর্শের অভাবে শিক্ষার্থীরা নানা জটিলতায় ভোগেন। দক্ষ আইনজীবীদের মাধ্যমে ক্যাম্পাসেই এ ধরনের সেবা ও কর্মশালার আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, প্রশাসন সবসময় এ ধরনের ছাত্রবান্ধব ও গঠনমূলক কাজের পাশে থাকবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সহযোগিতা এবং অনেক সমস্যার সমাধান পাবে। এছাড়া বিভিন্ন বিষয়ে সচেতন হতে পারবে।

সভাপতির বক্তব্যে ইব্রাহীম হোসেন রনি বলেন, চাকসু সবসময় শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করতে দায়বদ্ধ। তাদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো আইনি প্রয়োজনে দক্ষ আইনজীবীদের পরামর্শ সহজে পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন।

এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বুদ্ধিজীবী চত্বরে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি পৃথক ডেস্কের মাধ্যমে প্রাথমিক আইনি পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে জমিজমা সংক্রান্ত সমস্যা, নারী ও শিশু বিষয়ক সমস্যা, পারিবারিক ও উত্তরাধিকার সংক্রান্ত বিষয়, ফৌজদারি মামলা এবং অন্যান্য দেওয়ানি মামলার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

এরপর দুপুর ২টা থেকে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আইনি সচেতনতামূলক কর্মশালা ও প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ জানান, চাকসুর এই আয়োজনে ফ্রি লিগ্যাল এইড ক্যাম্পে প্রায় ৭০০ শিক্ষার্থী এবং কর্মশালা ও প্যানেল ডিসকাশনে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ আয়োজনে আমন্ত্রিত বিজ্ঞ আইনজীবী হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের আইনি পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ কবির হোসাইন, চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সাইফুল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট এ. কে. করিম, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবদুল্লাহ আল গালিব, চট্টগ্রাম জেলা জজ কোর্টের এডভোকেট এ. বি. এম. ওমর আলী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট আবু হানিফ।