শিরোনাম

খুলনা, ১৩ জুন ২০২৬ (বাসস): পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি স্বরূপ খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয় ( কেকেবিএইউ)-এর ৮ জন মেধাবী শিক্ষার্থীকে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড (এফএফটিএ) প্রদান করা হয়েছে। আজ শনিবার কেকেবিএইউ-এর সম্মেলন কক্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের আওতায় ফল-২০২৫ সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে এই ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
কেকেবিএইউ-এর উপাচার্য (ডেজিগনেটেড) প্রফেসর ড. মো. আনিসুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘শিক্ষা জীবনে ভালো ফল অর্জন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য অধ্যবসায় ও অনুশীলন জরুরি। শিক্ষা জীবনে এ সফলতা অব্যাহত রাখতে এবং নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
তিনি বলেন, খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার এবং ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান।
এফএফটিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ব্যবসায় প্রশাসন বিভাগের শালীনূর ইসলাম, ইংরেজি বিভাগের সামিউল ইসলাম আলিফ, আইএসএলএম বিভাগের তানহা আক্তার সিঁথী এবং সিএসই বিভাগের আনিকা রোজ রিমি। এ সময়ে তারা এফএফটিএ পেয়ে পরবর্তী সেমিস্টারে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানসহ অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী সিএসই বিভাগের আব্দুর রব রাজু, মো. নাভিদ চৌধুরী, ইংরেজি বিভাগের মো. মুজাহিদুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের মোসা. ইসরাত জাহান খুশি উপস্থিত ছিলেন।