বাসস
  ১১ জুন ২০২৬, ২০:২১

খুবিতে ১ কোটি ৩৬ লাখ টাকার গবেষণা অনুদানের চেক প্রদান

ছবি : বাসস

খুলনা, ১১ জুন, ২০২৬ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব/উন্নয়ন বাজেটের আওতায় গবেষণা প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থের দ্বিতীয় পর্যায়ের চেক হস্তান্তর করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ৩৩টি গবেষণা প্রকল্পের অনুকূলে ১ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। 

কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম গবেষকদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।

প্রধান অতিথি বলেন, অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। গবেষণার অর্থায়নে শুধু বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভরশীল না থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহের সুযোগ সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষক-গবেষকদের গবেষণায় অধিকতর উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এবং সিআরজিপি খাতে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। 

এসময় উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি ইমপ্যাক্টফুল রিসার্চ হাব হিসেবে গড়ে তুলতে গবেষণায় আরও বেশি মনোনিবেশ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম এবং জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন, গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। 

গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিনের সঞ্চালনায় অনুদানপ্রাপ্ত শিক্ষকদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইসমত কাদির ও পরিসংখ্যান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. শারলিন আলাউদ্দিন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের  ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অনুদানপ্রাপ্ত গবেষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে একই স্থানে ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন আরজিপি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম।