বাসস
  ১০ জুন ২০২৬, ১৮:২৯
আপডেট : ১০ জুন ২০২৬, ১৮:৩৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. মো. সফিকুল ইসলাম

প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ জুন, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গতকাল মঙ্গলবারের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’ এর ধারা ১৪(১) অনুযায়ী ড. মো. সফিকুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্তানুযায়ী, উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে তার এই নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে এর মধ্যে তার অবসর গ্রহণের তারিখ চলে এলে যেটি পূর্বে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ড. মো. সফিকুল ইসলাম উপর্যুক্ত পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। দায়িত্ব পালনকালে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।