বাসস
  ১০ জুন ২০২৬, ১৩:৩৯

প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপ-উপাচার্য পেল নোবিপ্রবি

নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা, ১০ জুন, ২০২৬ (বাসস) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব শিক্ষককে উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এ পদে নিয়োগ পেয়েছেন।

গতকাল মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। 

দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি, আইন ও বিধি-বিধান অনুসরণ করবেন এবং পদসংশ্লিষ্ট অন্যান্য দায়িত্বও পালন করবেন। 

একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে।

অধ্যাপক শফিকুল ইসলাম বর্তমানে লাইফ সায়েন্স অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১২ (১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে।