শিরোনাম

ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৩(১) ধারা অনুযায়ী ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিয়োগ দেয়া হলো।
প্রজ্ঞাপনের শর্তে বলা হয়, উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। এই পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।