বাসস
  ০৮ জুন ২০২৬, ২০:৪৬

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. ছবিরুল ইসলাম

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস) : পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে নিয়োগ দিয়েছে সরকার।

'পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২' এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য পদে ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের নিয়োগের মেয়াদ হবে তার যোগদানের তারিখ থেকে ৪ বছর। তবে এর মধ্যে তার অবসর গ্রহণের তারিখ এলে যা পূর্বে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।

শর্তানুযায়ী, উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।