বাসস
  ০৭ জুন ২০২৬, ০০:৫৯

কুমিল্লায় বাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ২

ছবি : বাসস

কুমিল্লা, ৬ জুন, ২০২৬ (বাসস) : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তারা সবাই দিনমজুর ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি জানান, দিনমজুরদের বহনকারী একটি অটোরিকশা উল্টো পথে রতনপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শাহআলী সুপার পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং আরও দুজন গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

ওসি ওসমান গণি বলেন, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দিনমজুর ছিলেন এবং কাজের সন্ধানে রতনপুর বাজারের দিকে যাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে তদন্ত চলছে।