শিরোনাম

ঢাকা, ৬ জুন, ২০২৬ (বাসস) : চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে মিয়ানমারে পাচারকালে ২৮০ বস্তা সিমেন্ট জব্দ এবং বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ১৮ জনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের সন্দ্বীপের নিকটবর্তী বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে| অভিযানে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ২৮০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
এতে আরও বলা হয়, একই দিন রাত ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে| অভিযানে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ১০ টন ওয়্যার রোপ, ২ টন বার্থিং হাউজার এবং একটি বাল্কহেডসহ ৯ জন চোরাকারবারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত, বোট ও বাল্কহেড এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে| চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।