শিরোনাম

বগুড়া, ৬ জুন ২০২৬ (বাসস): জেলার শাজাহানপুর উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪২) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম জেলার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর এলাকার মৃত আব্দুক গফুরের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য এবং মাঝিড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নজরুল ইসলাম তার নতুন বাড়িতে বিদ্যুতের তার মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। গুরুতর অবস্থায় নজরুল ইসলামকে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য ও মাঝিড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের মৃত্যুতে শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।