বাসস
  ০৬ জুন ২০২৬, ১৮:৫২

ডেঙ্গু প্রতিরোধে সুনামগঞ্জে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

ছবি : বাসস

সুনামগঞ্জ, ৬ জুন, ২০২৬ (বাসস) : জেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় এবং ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া সেল) রিফাত হোসেন মাহমুদ, সিভিল সার্জন মো. জসীম উদ্দীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, সহকারী তত্বাবধায়ক ডা. সুমন বণিক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রফিকুল ইসলাম, সেবা তত্ত্বাবধায়ক মোহাম্মদ বোরহান উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

র‌্যালি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয় এবং স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে কাজ করছে।

তিনি আরও বলেন ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

হাসপাতাল ও এর আশপাশের পরিবেশ পরিদর্শনকালে কিছু স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য দেখা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এসব অপসারণের নির্দেশনা দেয়া হবে।

জেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতন অংশগ্রহণই সবচেয়ে বড় ভূমিকা রাখবে।
র‌্যালিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।