শিরোনাম

নেত্রকোণা, ৬ জুন, ২০২৬ (বাসস) : জেলার কেন্দুয়ায় ২ হাজার ১শ পিস ইয়াবাসহ মো. রনি মিয়া (২৮) নামে এক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ শনিবার বেলা সোয়া ৩ টায় এ তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক।
তিনি বাসসকে বলেন, গতকাল শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ৪০ মিনিটের মধ্যে কেন্দুয়া থানাধীন মাসকা ইউনিয়নের মাসকা বাজার এলাকায় কেন্দুয়া-কিশোরগঞ্জ সড়কস্থ ‘মায়ের দোয়া ট্রেডার্স’ নামীয় দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. রনি মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ৭ নং রামগোপালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্ধনপাড়া গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে।
সহকারী পরিচালক নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি রেইডিং টিম উল্লেখিত ঘটনস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে দুই হাজার একশ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আভিযানিক দল আসামির পরিহিত এক জোড়া ‘রানার্স চয়েজ’ নামীয় বার্মিজ স্যান্ডেলের ভেতর লুকানো অবস্থায় পলিথিনের প্যাকেটে থাকা মোট ২১০ গ্রাম ওজনের কমলা বর্ণের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এর মধ্যে ডান পায়ের স্যান্ডেলে ১১০০ পিস এবং বাম পায়ের স্যান্ডেলে ১০০০ পিস ইয়াবা ছিল। উদ্ধারকৃত ২১০০ পিস ইয়াবার বাজার মূল্য আট লাখ চল্লিশ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো.নাজমুল হুদা বাদী হয়ে তার বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।