বাসস
  ০৫ জুন ২০২৬, ১৯:৫০

প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া উৎসবের চূড়ান্ত পর্ব শুরু

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রাজধানীর মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। ছবি: বাসস

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস): দেশের প্রাথমিক স্তরের শিক্ষাকে আরও প্রাণবন্ত ও আনন্দমুখর করে তোলার লক্ষ্যে আয়োজিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ এর চূড়ান্ত পর্ব শুরু হয়েছে।

ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে চূড়ান্ত পর্বে দেশের আট বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দলসহ মোট ১৬টি দল অংশ নিচ্ছে।

গতকাল বৃহস্পতিবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রাজধানীর মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের খেলার মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রতিযোগিতা পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় স্তর অতিক্রম করে জাতীয় পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ প্রায় দুই মাসের প্রতিযোগিতামূলক যাত্রায় দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ, নেতৃত্বগুণ, দলগত চেতনা ও আত্মবিশ্বাস গড়ে তোলার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বিদ্যালয়মুখী করার লক্ষ্যেই এই আয়োজন।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান আগামী ২০ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেদিন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের কথা রয়েছে। সারা দেশের কোটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই আয়োজন ইতোমধ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের মধ্যেই রয়েছে আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন খেলাধুলায় পারদর্শী হয়ে গড়ে উঠতে পারে, সেজন্য এই টুর্নামেন্ট বিশেষ ভূমিকা পালন করবে। শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তোলার জন্য খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এ আয়োজন সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের  সচিব মো. সাখাওয়াৎ হোসেন বাসস’কে বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়; এটি শিশুদের মেধা, মনন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম। খেলাধুলার মাধ্যমে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নতুন প্রজন্ম গড়ে তোলার যে লক্ষ্য সরকার গ্রহণ করেছে, এই আয়োজন তারই সফল বাস্তবায়ন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী বাসস’কে বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ বিনির্মাণে প্রয়োজন শারীরিক ও মানসিকভাবে সুস্থ, দক্ষ এবং আত্মবিশ্বাসী নাগরিক। সেই লক্ষ্য অর্জনে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে সরকার প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের জন্য ব্যাপক সুযোগ সৃষ্টি করেছে।

শিক্ষাবিদদের মতে, বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ, নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতকরণ এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সুসংগঠিত প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দেশের ক্রীড়া ও শিক্ষা অঙ্গনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। শিশুদের জন্য এই মহোৎসব ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির পাশাপাশি একটি সুস্থ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।