বাসস
  ০৫ জুন ২০২৬, ১৯:৪৫

চাঁদপুরে বজ্রপাতে নিহত ১

ছবি: বাসস

চাঁদপুর, ৫ জুন, ২০২৬ (বাসস) : জেলার ফরিদগঞ্জ উপজেলায় আজ বজ্রপাতে নবী হোসেন মিজি (২৭) নামের একব্যক্তি নিহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন মিজি জেলার ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের নোয়াবাড়ির মনির হোসেন মিজির ছেলে। 

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, শুক্রবার জুমার নামাজের পূর্বে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময়ে নবী হোসেন মিজি পাশ্ববর্তী ভোটাল গ্রাম থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ধান ক্ষেতের পাশ দিয়ে বাড়ির কাছাকাছি আসলে বজ্রপাতে তিনি লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় নবী হোসেন মিজিকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।