শিরোনাম

সাতক্ষীরা, ৫ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও শাড়ি সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৩২ লাখ ৮৯ হাজার টাকা।
আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ঘোনা, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও বাঁকাল চেকপোস্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘোনা বিওপির বিশেষ অভিযানকালে সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা নামক স্থান থেকে ভারতীয় ওষুধ, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার নতুনপাড়া নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল চেয়ারম্যান মোড় নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল ভবানীপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, বাকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ঢালিপাড়া নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৩২ লাখ ৮৯ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।