বাসস
  ০৫ জুন ২০২৬, ১৮:০৮

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

হবিগঞ্জ, ৫ জুন ২০২৬ (বাসস) জেলার বাহুবল উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আইনউদ্দিন (৫০) ও তার ছেলে রাশেদ মিয়ার (১৭) মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার দুপুর ১২ টায় বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা জেলার বাহুবল উপজেলায় পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ভাদেশ্বর গ্রামের আইনউদ্দিনের নির্মাণাধীন একটি বসতঘরে পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ সময় আইনউদ্দিন ও তার ছেলে রাশেদ মিয়া বৈদ্যুতিক সংযোগ সচল করার চেষ্টা করেন। একপর্যায়ে তারা উভয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মো. আইনউদ্দিন ও তার ছেলে রাশেদ মিয়াকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার মিয়া জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।