শিরোনাম

পিরোজপুর, ৫ জুন ২০২৬ (বাসস): জেলার মঠবাড়িয়া উপজেলায় আজ মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছোহরাব জোমাদ্দার (৫০) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ছোহরাব জোমাদ্দার জেলার মঠবাড়িয়া উপজেলায় মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছোহরাব জোমাদ্দার বাড়ির অদূরে ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে থাকা নিজের গরু খুঁজতে যান। মাঠে পৌঁছানো মাত্রই তিনি বজ্রপাতের শিকার হন এবং এতে তার শরীর ঝলসে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে ছোহরাব জোমাদ্দারকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৌমিত্র সিনহা রায় জানান, হাসপাতালে আনার আগেই ছোহরাব জোমাদ্দার মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।