শিরোনাম

সিরাজগঞ্জ, ৫ জুন, ২০২৬, (বাসস) জেলার বেলকুচিতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ ব্যাটারিচালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের মেয়ে।
আজ শুক্রবার সকাল ৭টা ৫ মিনিটে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানের চালক মো. নুরু (৪৫)।
আহত তামান্না খাতুন (১৬) মোতালেব সরকারের মেয়ে। তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
বেলকুচি থানার ওসি ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করে বাসসকে জানান, মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানের এক্সেল ভেঙে বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে এনায়েতপুরগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের দ্রুতগামী একটি বাস বিকল হওয়া ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত হন তামান্না খাতুন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
তিনি বলেন, বাসটিকে আটক করা হলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।