শিরোনাম

নাটোর, ৪ জুলাই, ২০২৬ (বাসস) : ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
জাতীয় সংসদের হুইপ দুলু বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। স্বাধীন গণমাধ্যম দেশের গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখে। সরকার স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে বদ্ধপরিকর।
হুইপ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেসক্লাব নির্মাণে অর্থসহ জায়গার বন্দোবস্তো করে দেন। ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাব সূবর্ণ জয়ন্তির পথ পরিক্রমায় রয়েছে।
আগামীতে নাটোর প্রেসক্লাবের অবস্থান আরও সুসংহত হবে। আমরা সবসময় গণমাধ্যমকর্মীদের বিপদে-আপদে তাদের সঙ্গে থাকতে চাই, তাদের আর্থিক অবস্থানকে সুসংহত করতে চাই।
নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, অবজারভারের প্রতিনিধি এস এম সেদরুল হুদা ডেভিড, ও নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।