বাসস
  ০৪ জুন ২০২৬, ২০:৫০

ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ফেনী, ৪ জুন, ২০২৬, (বাসস) : জেলার ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ড্রাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘোপাল ইউনিয়নের চৌধুরীপাড়া রাস্তার মুখে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বন্ধুরা দল বেধে চট্টগ্রামের গুলিয়াখালী বেড়াতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। নিহতরা হলেন, জিহানুল ইসলাম শাওন (২০) ও ইকবাল হোসেন জিসান (২৩)। 

নিহত ইকবাল হোসেন জিসান জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের ডাক্তার বাড়ির বাসিন্দা আবু তৈয়বের ছেলে।

জিহানুল ইসলাম শাওন সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর পাটোয়ারী বাড়ির কামরুল হাসান রসুলের একমাত্র ছেলে। তিনি ফেনী শহরের হোমপ্লাসে হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

শাওনের আত্মীয় এম এমরান পাটোয়ারী জানান, শাওনসহ তাদের কয়েকজন বন্ধু বুধবার গুলিয়াখালী সৈকতে বেড়াতে যায়। সেখানে রাত্রীযাপন শেষে বন্ধুরা মিলে সকালে ফেনীর উদ্দেশে রওনা হয়। 

শাওন ও জিসান একই মোটরসাইকেল ছিল০। তাদের মোটরসাইকেলকে একটি ড্রাম্প ট্রাক চাপা দিলে জিসান ঘটনাস্থলে মারা যায়।

শাওনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ফাজিলপুর হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল ও ড্রাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিহতদের পরিবার সূত্র জানিয়েছে, বিকেলে সোনাগাজীর সমপুর গ্রামে জানাজা শেষে জিসানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শাওনকে রাত ৯টায় গোবিন্দপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।