শিরোনাম

গাজীপুর, ৪ জুন, ২০২৬ (বাসস) : মহানগরীর বাসন এলাকার ভোগড়া সড়কে বাসের ধাক্কায় অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে বাসের নিচে আটকে গেলে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা–-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় বিসমিল্লাহ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন সুজন (৩৮)। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। নিহত অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি অটোরিকশা যাত্রী নিয়ে ভোগড়া বাইপাসের দিকে যাচ্ছিল। পথিমধ্যে যাত্রী ওঠানোর জন্য অটোরিকশাটি হঠাৎ ব্রেক করলে পেছন থেকে দ্রুতগতিতে আসা বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন গাজীপুর চৌরাস্তার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বাসের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধারে হাইড্রোলিক স্প্রেডার, র্যাম জ্যাক ও কাটার ব্যবহার করা হয়। পুলিশের রেকার ভ্যানের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় মরদেহ দুটি উদ্ধার করা সম্ভব হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আধুনিক উদ্ধার সরঞ্জামের সাহায্যে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার কাজ শেষে সড়কে ছড়িয়ে থাকা রক্ত ও ভাঙা কাঁচ পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বিকেলে বাসসকে জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।