শিরোনাম

নওগাঁ, ৪ জুন, ২০২৬, (বাসস) : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার নিহত ও আহতদের পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নিহত ১০ জনের পরিবার ও আহত ৫ জনের পরিবারকে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের সকল সড়ক আজও নিরাপদ না। সড়কে অব্যবস্থাপনায় নিরাপদে বাড়ি ফেরা বা গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতি বছর ঈদে বাড়ি ফেরা মানুষ ফেরে লাশ হয়ে। আর এই দুর্ঘটনার শিকার হয় সব থেকে বেশি শ্রমিকরা। তিনি বর্তমান সরকারকে সামনের দিনে সড়ক নিরাপদে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামনের দিনে শ্রমিক সংগঠন হিসেবে সকল শ্রমিকের নিরাপত্তা এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে সংগঠনটি।
অনুষ্ঠানে নিহত প্রত্যেকটি পরিবারকে ১০ হাজার এবং আহত পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
উল্লেখ্য, টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন হন। এর মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁও জেলার মান্দা উপজেলায়। এ ঘটনায় আহত ৫ জনের বাড়িও একই উপজেলায়।