শিরোনাম

ময়মনসিংহ, ৪ জুন, ২০২৬ (বাসস): জেলার দুই উপজেলায় বজ্রপাতে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতদের পরিবারে শোকের মাতম চলছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এবং বিকেলে জেলার গফরগাঁও এবং মুক্তাগাছা উপজেলার পৃথক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, মুক্তাগাছা উপজেলার গাবতলি ডিগ্রি কলেজের গণিত বিভাগের শিক্ষক এএসএম খালেকুল আজাদ (৫৬) এবং গফরগাঁও উপজেলার ৫নং পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামের বাসিন্দা রুকুন উদ্দিনের ছেলে সিয়াম (১৮)।
পরিবার ও এলাকাবাসী জানায়, কলেজ বন্ধ থাকায় মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌহার চর বাজার এলাকায় বৃহস্পতিবার নিজ গ্রামে মসজিদ নির্মাণ কাজ তদারকি করছিলেন কলেজ শিক্ষক এএসএম খালেকুল আজাদ।
এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত শুরু হলে অন্যরা নিরাপদস্থানে চলে যায় এবং এএসএম খালেকুল আজাদ পাশের একটি আম গাছের নিচে আশ্রয় নেয়। এসময় তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সায়েম তানভীর জানান, নির্মাণ কাজ তদারকির সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তিনি আহত হন। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান বলে জানান তিনি।
অপরদিকে, গফরগাঁও উপজেলায় বজ্রপাতে সিয়াম (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিয়াম দুপুরের দিকে নিজেদের জমিতে কৃষিকাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রপাত শুরু হলে সিয়াম ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লামকাইন গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।