শিরোনাম

ঢাকা, ৪ জুন, ২০২৬ (বাসস) : টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
এ সময় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালীন সন্দেহজনক ইঞ্জিনচালিত ১টি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।