শিরোনাম

বগুড়া, ৪ জুন, ২০২৬ (বাসস) : জেলার দুপচাঁচিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মকবুল হোসেন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন আলতাফনগর বাজার এলাকার মৃত আলিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ওই এলাকার প্রবাসী শফিকুল ইসলামের একটি টিনশেড বাড়িতে স্ত্রীসহ বসবাস করে আসছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে মকবুল হোসেনের নাতি সেলিম (২১) ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যান। এ সময় তিনি তাঁর দাদাকে পুকুরের পানিতে উপুড় হয়ে ভেসে থাকতে দেখেন। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, রাত ২ টা থেকে সকাল সাড়ে ৬ টার মধ্যকার কোনো একসময়ে পুকুরপাড়ে আম কুড়াতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।