শিরোনাম

কক্সবাজার, ৪ জুন, ২০২৬, (বাসস) : জেলার দরিয়ানগর এলাকায় একটি ব্রিজ নির্মাণকালে পাহাড়ের মাটিচাপায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন শ্রমিক।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিকরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াস ও একই উপজেলার নাসির আহমেদের ছেলে মোহাম্মদ রাকিব। আহত শ্রমিক মোহাম্মদ শাহজাহান একই উপজেলার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, দরিয়ানগরে অবস্থিত ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের সড়কে পাহাড়ি পানি চলাচলের ছড়ায় একটি ব্রিজ নির্মাণের কাজ করছে লাকি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
ওই পাহাড়ের পাশের মাটি কাটা ছিল। ওখানে কাজ করার সময় পাহাড়ের মাটি ভেঙে ৩ শ্রমিক চাপা পড়েন। অন্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যান।
কালভার্টটির নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের প্রতিনিধি আবদুর রহিম মজুমদার বলেন, শ্রমিকেরা নিরাপত্তাবিধি মেনেই কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটি ধসে দুজনের মৃত্যু হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই প্রায় এক মাস ধরে এই প্রকল্পে কাজ করে আসছেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মোহাম্মদ সোহেল বাসসকে বলেন, গুরুতর অবস্থায় তিন শ্রমিককে সদর হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বাসসকে বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।