শিরোনাম

ঝিনাইদহ, ৪ জুন, ২০২৬ (বাসস) : জেলার বিভিন্ন এলাকা ও অন্যান্য জেলা থেকে হারিয়ে যাওয়া ৯১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ উদ্যোগে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ছাড়া মোবাইল ব্যাংকিং (এমএফএস) গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ৩৫ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশের বিশেষ এই ইউনিট।
আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়া হয়।
এসময় ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল এ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
পুলিশ সুপার বলেন, সাইবার অপরাধ মোকাবিলা এবং সাইবার বুলিংয়ের শিকার ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই প্রযুক্তিনির্ভর সেবা এবং অপরাধ বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঝিনাইদহ জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলায় অনলাইন ভিত্তিক বিভিন্ন অপরাধ দমন এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে গঠিত ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’ এই উদ্ধার অভিযানে মূল ভূমিকা পালন করে। পুলিশের বিশেষ এ ইউনিটের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধু মোবাইল বা টাকাই নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হওয়া ৪০ জন ভুক্তভোগীকে দ্রুত ও কার্যকর সহায়তা দিয়েছে। এছাড়া নিখোঁজ হওয়া ৪ জন ভিকটিমকেও উদ্ধার করেছে তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মোসফেকুর রহমান।
এছাড়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও ইউনিট সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।