শিরোনাম

মেহেরপুর, ৪ জুন, ২০২৬, (বাসস) : মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওলিনগরে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মহিম আলীর কন্যা আফরিন আরা (৪) এবং যশোরের ঝিকরগাছার সজীব আলীর ছেলে আকবর আলী (১০)।
স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম যাত্রী নিয়ে শালিকা থেকে বামুন্দির দিকে যাচ্ছিলেন। পথে ওলিনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক ইজিবাইকচালক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আফরিন ও আকবর আলীর মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, ইজিবাইক এবং নিহত আরিফুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।