বাসস
  ০৪ জুন ২০২৬, ১৭:৫৯

শেরপুর দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি : বাসস

বগুড়া, ৪ জুন, ২০২৬, (বাসস) : জেলার শেরপুর উপজেলায় দই ঘর নামে একটি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি দই সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয় ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, সাতমাথা-খান্দার সড়কে অবস্থিত শেরপুর দই ঘরে অভিযান চালিয়ে কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি দই সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পান। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. আনিসুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বাসসকে বলেন, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

পচা ও বাসি দই বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল উপস্থিত ছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।