বাসস
  ০৪ জুন ২০২৬, ১৭:৩৫

দেশের অগ্রগতি নির্ভর করে শিক্ষিত মানবসম্পদের ওপর : এমরান সালেহ প্রিন্স 

বৃহস্পতিবার ধোবাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : বাসস

ময়মনসিংহ, ৪ জুন, ২০২৬ (বাসস) : বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশের অগ্রগতি নির্ভর করে তার শিক্ষিত, নৈতিক ও দক্ষ মানবসম্পদের ওপর। তাই ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মাধ্যমে এমন একটি প্রজন্ম গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, এই ধরণের একটি প্রজন্ম জ্ঞান, মানবিকতা, নৈতিকতা, দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ গঠনে নেতৃত্ব দিতে সক্ষম হবে। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলার ধোবাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত বেফাক বোর্ড, এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।  

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সংবর্ধনা শুধু কয়েকজন শিক্ষার্থীর সাফল্য উদযাপনের অনুষ্ঠান নয়; এটি আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগরদের সম্মান জানানোর অনুষ্ঠান। যারা আজ কৃতিত্ব অর্জন করেছে, তারা আগামী দিনের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, আলেম, প্রশাসক, উদ্যোক্তা এবং রাষ্ট্রনায়ক। 

তিনি বলেন, বর্তমান যুগে জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও উদ্ভাবনের যুগে সবাইকে  প্রস্তুত হতে হবে। কেবল আধুনিক জ্ঞানই যথেষ্ট নয়, এর সঙ্গে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে।

প্রিন্স বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদেরকে সততা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ হতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য কল্যাণকর ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছে। তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জন করতে হবে। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন।

এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক এবং জমিয়তে উলামায়ে ইসলাম ধোবাউড়া উপজেলা শাখার আমীর মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। 

অনুষ্ঠানে বেফাক বোর্ড, এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক, আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।