শিরোনাম

কিশোরগঞ্জ, ৪ জুন, ২০২৬ (বাসস): জেলার পাকুন্দিয়ায় বেপরোয়া গতির পিকআপ ভ্যানের চাপায় ফেরদৌস শিকদার (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাকুন্দিয়া বাইপাস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস শিকদার পাকুন্দিয়া পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র। তিনি পেশায় একজন ট্রাক চালক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে সড়কের ধার দিয়ে হাঁটছিলেন ফেরদৌস শিকদার। এ সময় কিশোরগঞ্জগামী একটি দ্রুতগতির পোল্ট্রি মুরগীবাহী পিকআপ ভ্যান পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই চালক পিকআপটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ফেরদৌস শিকদারকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সড়কটির এই অংশে প্রায়ই যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। চালকদের এই অসচেতনতার কারণে প্রতিনিয়ত পথচারীদের জীবন ঝুঁকিতে পড়ছে। তারা অবিলম্বে এই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাকুন্দিয়া বাইপাস এলাকায় পিকআপের ধাক্কায় একজন নিহত হয়েছেন। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের মরদেহ তার বাড়িতে রয়েছে।